২০২৭: উইকিম্যানিয়া
২২তম উইকিম্যানিয়া সম্মেলন, উইকিম্যানিয়া ২০২৭, ২০২৭ সালের ১৮–২১ আগস্ট চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হবে; এটি সশরীরে এবং অনলাইনে—উভয় মাধ্যমেই আয়োজিত হবে।
১৮ বছর পর দক্ষিণ আমেরিকায় ফিরে আসছে উইকিম্যানিয়া, যা গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণের দৃষ্টিভঙ্গি থেকে ডিজিটাল পরিবেশ নিয়ে নতুন করে ভাবার এক ঐতিহাসিক সুযোগ। লাতিন আমেরিকায় এটি হবে তৃতীয় এবং দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় উইকিম্যানিয়া আয়োজন; এর আগে বুয়েনস আইরেস (২০০৯) ও মেক্সিকো সিটিতে (২০১৫) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
মূলভাব
| শহর | সান্তিয়াগো, চিলি (বিমানবন্দর কোড: SCL/SCEL) |
|---|---|
| তারিখ | ২০২৭ সালের দ্বিতীয় সেমিস্টার, ১৮–২১ আগস্ট |
| পদ্ধতি | হাইব্রিড |
| দাপ্তরিক ভাষা | স্প্যানিশ, পর্তুগিজ এবং ইংরেজি |
| আমরা পরামর্শ দিই যে, আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত এমন কোনো ফ্লাইট বা আবাসনের বুকিং দেবেন না যার খরচ ফেরত পাওয়া যায় না। | |
উইকিম্যানিয়া সান্তিয়াগোর প্রতিপাদ্য হবে: "আমরা যে ইন্টারনেট চাই"।
এমন এক সময়ে যখন ইন্টারনেটের আদি উন্মুক্ত চেতনা কেন্দ্রীভূতকরণ, নজরদারি এবং ভূ-রাজনৈতিক বিভাজনের মুখে হুমকির সম্মুখীন, তখন সান্তিয়াগো এমন একটি মঞ্চ হয়ে উঠেছে যেখানে এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছে: আমরা কেমন ইন্টারনেট চাই?
দক্ষিণ আমেরিকা (যা ভাষাগত, সাংস্কৃতিক ও জ্ঞানতাত্ত্বিক বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল) থেকে আমরা এমন একটি ইন্টারনেটের কল্পনা করার প্রস্তাব দিচ্ছি, যা আরও বৈচিত্র্যময়, সমতাভিত্তিক ও ন্যায়পরায়ণ হবে; যেখানে জ্ঞান কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি অধিকার; যেখানে প্রান্তিক ভাষাগুলোকে প্রভাবশালী ভাষাগুলোর সমান গুরুত্ব দেওয়া হবে; এবং যেখানে তথ্য ও জ্ঞান আহরণের শোষনমূলক প্রক্রিয়ার পরিবর্তে পারস্পরিক সহযোগিতা প্রাধান্য পাবে—এমন একটি ইন্টারনেট, যেখানে মুনাফার পরিবর্তে জনস্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিজিটাল গণসম্পদকে উৎসাহিত ও শক্তিশালী করা হবে।
উইকিম্যানিয়া কী?
উইকিম্যানিয়া হলো বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের বৃহত্তম বার্ষিক সম্মেলন, যা প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কমিউনিটি স্বেচ্ছাসেবক, সম্পাদক, ডেভেলপার, গবেষক, মুক্ত জ্ঞানের কর্মী, প্রাতিষ্ঠানিক অংশীদার এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন ও এর সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা একত্রিত হন। তাঁরা এখানে সর্বোত্তম কর্মপদ্ধতিগুলো বিনিময় করেন এবং মুক্ত জ্ঞানের ইকোসিস্টেমকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
চিলিতে এর আগমন এই আন্দোলনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে; এটি লাতিন আমেরিকায় উইকিমিডিয়া সম্প্রদায়ের বিকাশ ও পরিপক্কতাকে এবং সেই স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের শক্তিকে প্রতিফলিত করে, যা এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সম্প্রদায়, ভাষা ও জ্ঞানের নানা ধারার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে।
একটি যৌথ প্রচেষ্টা
লাতিন আমেরিকা জুড়ে থাকা উইকিমিডিয়া সহযোগী সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আয়োজিত ‘উইকিম্যানিয়া সান্তিয়াগো’-এর ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো—উইকিম্যানিয়া কোর অর্গানাইজিং টিম (COT), উইকিমিডিয়া চিলি, উইকিমিডিয়া ফাউন্ডেশন (WMF) এবং উইকিম্যানিয়া স্টিয়ারিং কমিটির মধ্যকার নিবিড় সমন্বয়।
আমাদের লক্ষ্য হলো সেই সংযোগ ও সম্প্রদায়গুলোকে উদ্যাপন করা, যা উইকিমিডিয়াকে প্রাণবন্ত করে তোলে; এবং সেই বন্ধনগুলোকে আরও শক্তিশালী করা, যা আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনেট গড়ে তোলে।
আয়োজকবৃন্দ
- সহযোগী অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ
Wikimania throughout the years
ফ্রাঙ্কফুর্ট ২০০৫ ● ক্যামব্রিজ ২০০৬ ● তাইপে ২০০৭ ● আলেকজান্দ্রিয়া ২০০৮ ● বুয়েনোস আইরেস ২০০৯ ● গদানস্ক ২০১০ ● হাইফা ২০১১ ● ওয়াশিংটন, ডি.সি. ২০১২ ● হংকং ২০১৩ ● লন্ডন ২০১৪ ● মেক্সিকো সিটি ২০১৫ ● এজিনো লারিও ২০১৬ ● মন্ট্রিয়ল ২০১৭ ● কেপ টাউন ২০১৮ ● স্টকহোম ২০১৯ ● অনলাইন ২০২১ ● অনলাইন ২০২২ ● সিঙ্গাপুর ২০২৩ ● কাতোভিস ২০২৪ ● নাইরোবি ২০২৫ ● প্যারিস ২০২৬ ● সান্তিয়াগো ২০২৭
Future discussions
Future of Wikimania ● Expressions of Interest to Host Future Wikimanias
Other information
Video Archive ● Accomplishment Reports